চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালী উপজেলায় রাস্তা পার হওয়ার সময় টমটমের ধাক্কায় রাইয়ান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুর আনুমানিক দেড়টার দিকে মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল জালিয়া পাড়া এলাকার বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু রাইয়ান সাইরার ডেইল জালিয়া পাড়া এলাকার জেলে রিদুয়ানের ছেলে।
জানা যায়, খেলাধুলার একপর্যায়ে শিশু রাইয়ান সড়ক পারাপারের চেষ্টা করলে দ্রুতগতিতে আসা একটি টমটম তাকে সজোরে ধাক্কা দেয়। আঘাত এতটাই গুরুতর ছিল যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করেন, তবে ততক্ষণে সে প্রাণ হারায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সড়কে প্রায়ই যানবাহন বেপরোয়াভাবে চলাচল করে এবং বাজার সংলগ্ন হওয়ায় সেখানে সবসময়ই মানুষের ভিড় থাকে। বিশেষ করে শিশুদের চলাচল বেশি হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি দীর্ঘদিন ধরেই ছিল। দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা টমটম গাড়িটি জব্দ করে এবং চালককে আটক করে রাখে। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে জানানো হয়।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, শিশুটি হঠাৎ সড়কে উঠে পড়লে দ্রুতগতির টমটমটি তাকে ধাক্কা দেয়। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। স্থানীয়রা চালককে আটক করেছে। আমরা প্রশাসনকে অবহিত করেছি এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন






