চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ‘ফুসফুস’ খ্যাত সিআরবি এলাকায় হাসপাতালের নামে নতুন স্থাপনা নির্মাণের উদ্যোগ বন্ধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাসদ (মার্কসবাদী)।
শনিবার (১৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন দলটির চট্টগ্রাম জেলা সমন্বয়ক এড. শফি উদ্দিন কবির আবিদ।
বিবৃতিতে তিনি বলেন, সংবাদমাধ্যমের মাধ্যমে জানা গেছে—রেলপথ মন্ত্রণালয় সিআরবিতে প্রাইভেট হাসপাতাল স্থাপনের পুরনো প্রকল্পটি পুনরায় বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে আগামী ১৯ এপ্রিল রেলমন্ত্রী শেখ রবিউল আলম প্রস্তাবিত হাসপাতালের স্থান পরিদর্শনে আসার কথা রয়েছে। ইতোমধ্যে প্রকল্পের জন্য নির্ধারিত সিআরবি সংলগ্ন গোয়ালপাড়া এলাকায় উচ্ছেদ অভিযানও চালানো হয়েছে।
তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চট্টগ্রামবাসীর তীব্র আন্দোলনের মুখে সিআরবিতে প্রাইভেট হাসপাতাল নির্মাণের পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয়েছিল সরকার। কিন্তু নবনির্বাচিত বিএনপি সরকার আবারও একই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়ে পূর্ববর্তী সরকারের পদাঙ্ক অনুসরণ করছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০০৮ সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রণীত ডিটেইল এরিয়া প্ল্যানে (ড্যাপ) সিআরবি এলাকাকে ‘কালচারাল হেরিটেজ’ হিসেবে ঘোষণা করা হয়। ওই পরিকল্পনা অনুযায়ী, সিআরবি এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো কার্যক্রম পরিচালনা কিংবা বহুতল ভবন নির্মাণের সুযোগ নেই।
এসব নির্দেশনা ও জনমত উপেক্ষা করে আবারও সিআরবিতে প্রাইভেট হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বিবৃতির শেষাংশে বাসদ (মার্কসবাদী) চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলে, অতীতে যেমন আন্দোলনের মাধ্যমে এ ধরনের উদ্যোগ প্রতিহত করা হয়েছে, তেমনি এবারও সিআরবি ধ্বংসের যে কোনো চক্রান্ত রুখে দাঁড়াতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন






