উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) ভোররাতে উখিয়ার বালুখালীস্থ এফডিএমএন ক্যাম্প-৮/ইস্টের ব্লক-বি/১৮ এলাকায় পানবাজার পুলিশ ক্যাম্প এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী জানতে পারে যে, ওই এলাকার রোহিঙ্গা শরণার্থী মো. ইলিয়াসের বসতঘরে ইয়াবা বেচাকেনা হচ্ছে। পরে ভোর ৩টা ১০ মিনিটে তার ঘরে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে একটি কালো পলিথিনের ভেতরে থাকা লকযুক্ত নীল পলিপ্যাকেট থেকে ১০ হাজার পিস অ্যামফিটামিনজাত ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি মো. ইলিয়াস উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮/ইস্টের ব্লক-বি/১৮ এর বাসিন্দা নুর আমিনের ছেলে।

এ বিষয়ে ৮ এপিবিএন-এর অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাদকসহ সব ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামতের বিষয়ে উখিয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন

Scroll to Top