চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাতে আগামী ২৫ এপ্রিল নির্ধারিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর আপাতত স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। তিনি বলেন, পরবর্তীতে সুবিধাজনক সময়ে নতুন তারিখ নির্ধারণ করে সফরটি সম্পন্ন করা হবে।
এর আগে ঘোষণা অনুযায়ী, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির প্রবীণ আলেম আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীকে দেখতে ২৫ এপ্রিল ফটিকছড়ি যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের।
তবে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘প্রধানমন্ত্রীর ফটিকছড়ি আগমন এবং সফর স্থগিত—দুটো বিষয়েই আমাদের কাছে দাপ্তরিক কোনো চিঠি আসেনি।’
মঙ্গলবার সন্ধ্যায় হেফাজতে ইসলাম বাংলাদেশের ফটিকছড়ি উপজেলার আমির ও মহিবুল্লাহ বাবুনগরীর ছেলে মাওলানা মুহাম্মদ আইয়ুব বাবুনগরী বলেন, ‘প্রধানমন্ত্রী আমিরে হেফাজতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ফটিকছড়ি আসার কথা ছিল। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে নির্ধারিত এই সফর আদৌ হবে কি না, তা নিশ্চিত নয়।’
হেফাজতের কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক মুফতি আবু মাকনূন মুহাম্মদ বাবুনগরী বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর আপাতত স্থগিত হয়েছে। আশা করছি, পরবর্তীতে সুবিধাজনক সময়ে নতুন তারিখ নির্ধারণ করে সফরটি সম্পন্ন করা হবে।’
চাটগাঁ নিউজ/এসএ





