বিনা টিকিটে ট্রেনে উঠে টিকিটধারীদের মারধর
চট্টলা এক্সপ্রেস

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টলা এক্সপ্রেস ট্রেনের টিকিটধারী যাত্রীদের মারধর করেছে বিনা টিকিটে উঠা একদল লোক। সোমবার রাত ৮টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। আশপাশের যাত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসলে পালিয়ে যায় অভিযুক্তরা। ট্রেনটি রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম স্টেশনে আসার নির্ধারিত সময়সূচি থাকলেও এসেছে রাত ১২টায়।

ইতিমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর এই ব্যাপারে তদন্ত করার উদ্যোগ নিয়েছে রেলওয়ে।

রেলওয়ে পুলিশের দুই কর্মকর্তা জানান, ঢাকা থেকে চট্টলা এক্সপ্রেস সোমবার দুপুরে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে। এই ট্রেন বিভিন্ন স্টেশনে থামে এবং যাত্রী ওঠা-নামা করে। চট্টগ্রামে আসার পথে মেথিকান্দা রেলস্টেশনেও থেমেছিল। ওই সময় ট্রেনের একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বগির ভেতরে একদল লোক বিনা টিকিটে উঠে আগে থেকে বসে ছিলেন। তারা টিকিটধারী যাত্রীদের আসনে বসতে বাধা দেন। এর প্রতিবাদ করলে মারধর শুরু করেন।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, টিকিট না থাকা সত্ত্বেও একদল লোক এসি বগিতে উঠে পড়েছিলেন। কিন্তু টিকিটধারীরা নিজেদের আসনে বসতে গেলে বাধা দেন। এতে হাতাহাতি হয়। এ সময় রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ের কর্মীরা ছুটে গেলে ওই লোকগুলো মেথিকান্দা স্টেশনে নেমে পড়েন। তবে ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ দিতে বলা হলেও তারা কোনো অভিযোগ করেননি।

রেলওয়ের চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান জানান, চট্টলা এক্সপ্রেসে প্রায় সময় বিনা টিকিটের যাত্রীরা ট্রেনে ওঠে টিকিটধারী যাত্রীদের আসন দখল করে রাখা এবং প্রতিবাদ করলে হামলা করার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top