১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো ৩৮৭ টাকা

চাটগাঁ নিউজ ডেস্ক: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম আবারও বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দামে ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে এখন গ্রাহকদের গুনতে হবে ১ হাজার ৭২৮ টাকা, যা আগের তুলনায় ৩৮৭ টাকা বেশি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ এ মূল্য ঘোষণা করেন। জানানো হয়, নতুন এই দাম একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

নতুন ঘোষণায় বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের দামও সমন্বয় করা হয়েছে। এর মধ্যে সাড়ে ৫ কেজির সিলিন্ডার ৭৯২ টাকা, সাড়ে ১২ কেজির ১ হাজার ৮০১ টাকা এবং ১৫ কেজির সিলিন্ডার ২ হাজার ১৬১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৬ কেজির সিলিন্ডার ২ হাজার ৩০৫ টাকা, ১৮ কেজির ২ হাজার ৫৯৩ টাকা এবং ২০ কেজির সিলিন্ডার ২ হাজার ৮৮১ টাকা রাখা হয়েছে।

এছাড়া ২২ কেজির সিলিন্ডারের দাম ৩ হাজার ১৬৯ টাকা, ২৫ কেজির ৩ হাজার ৬০১ টাকা, ৩০ কেজির ৪ হাজার ৩২১ টাকা এবং ৩৩ কেজির সিলিন্ডার ৪ হাজার ৭৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ৩৫ কেজির সিলিন্ডার ৫ হাজার ৪১ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৬ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিইআরসির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top