টেকনাফে অভিযানে মদ ও নগদ টাকাসহ আটক ১

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ায় অভিযান চালিয়ে ১১৫ লিটার দেশীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি টমটম (ইজিবাইক) জব্দ করা হয়।

বুধবার (১ এপ্রিল) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বিএন সুমন আল মুকিত এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বাহারছড়ার উত্তর শিলখালী এলাকার মেরিন ড্রাইভ সড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহজনক দুটি ইজিবাইক তল্লাশি করে প্রায় ১ লাখ ৩ হাজার টাকা মূল্যের ১১৫ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে নগদ ২ হাজার ৩৩০ টাকাসহ এক কারবারিকে আটক করা হয়।

অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অপর এক মাদক কারবারি ইজিবাইক ফেলে পালিয়ে যায়, ফলে তাকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত মদ, ইজিবাইক ও নগদ অর্থসহ আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top