সিএমপির নতুন কমিশনার হিসেবে যোগ দিলেন হাসান শওকত আলী

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩৪তম কমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাসান মো. শওকত আলী। বুধবার (১ এপ্রিল) তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের সময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। পরে তিনি সদ্য বিদায়ী কমিশনার হাসিব আজিজ-এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

দায়িত্ব গ্রহণের পর নগরের লালদিঘী এলাকায় সিএমপি সম্মেলন কক্ষে আয়োজিত পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন নতুন কমিশনার। সভায় তিনি জনবান্ধব পুলিশিং জোরদার করতে পেশাদারিত্ব, সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

এ সময় নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও প্রশাসন ও অর্থের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদসহ সিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

উল্লেখ্য, নবনিযুক্ত কমিশনার হাসান মো. শওকত আলী ১৯৯৯ সালে ১৮তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে লাইবেরিয়া, হাইতি ও মালিতে সফলভাবে দায়িত্ব পালন করেন তিনি। সিএমপিতে যোগদানের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে ডিআইজি (লজিস্টিক) হিসেবে কর্মরত ছিলেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top