চাটগাঁ নিউজ ডেস্ক: জঙ্গল সলিমপুরে শান্তি ও নিরাপত্তার স্বপ্ন সত্যি করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা চাই, সাধারণ মানুষ যেন জিম্মিদশা থেকে মুক্ত হয়ে স্বাভাবিক ও সুন্দর জীবন ফিরে পান। কোনো প্রান্তেই সন্ত্রাসী যেন নিরাপদ আশ্রয় না পায়—একটি নিরাপদ ও সুস্থ বাংলাদেশের জন্য আমাদের একত্রিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে জঙ্গল সলিমপুর ও আলী নগরের অস্থায়ী পুলিশ ও র্যাব ক্যাম্প পরিদর্শন শেষে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এসব কথা বলেন।
প্রথমে তিনি সলিমপুরের এসএম ফাইলট উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন।
তিনি বলেন, আমরা আমাদের সন্তানকে সুশিক্ষা দিতে চাই। আপনাদের সন্তানের নিরাপত্তা দিতে চাই। তার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেবেন না৷ যদি কেউ এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত করতে চায় তাহলে আমাদের কাছে তথ্য দিন। আমরা কোনো সন্ত্রাসীকে সলিমপুরে থাকতে দেব না।
সলিমপুর একটি আদর্শ নগর হিসেবে প্রতিষ্ঠিত হবে। এর জন্য আমাদের যা যা করার দরকার আমরা তাই করবো।
জেলা প্রশাসক বলেন, কিছু সন্ত্রাসী গোষ্ঠী এখানে সাধারণ মানুষকে জিম্মি করে পাহাড় কেটেছে, পরিবেশ ধ্বংস করেছে। এখানে তারা সন্ত্রাসের অভয়ারণ্য সৃষ্টি করেছে। তারা এখানে স্থানীয়ভাবে অস্ত্র তৈরি করতো।
অস্ত্রের ব্যবসা, মাদকের ব্যবসা করতো। ২০২১ ও ২০২২ সালে এখানে অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। বিভিন্ন ভাবে অপদস্ত হয়েছে। তাদের ওপর হামলা করা হয়েছে। ১৯ জানুয়ারি আসামি ধরতে এসে একজন র্যাব সদস্য নিহত হয়েছেন।
তিনি বলেন, সন্ত্রাসীদের বিচারের জন্য তাদের কীভাবে আইনের আওতায় আনা যায় সেজন্য আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করেছি। প্রায় ৪ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে আমরা একটি অভিযান পরিচালনা করি। ওই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদসহ সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়। এখানে ৯ মার্চ থেকে একটি পুলিশের ক্যাম্প ও একটি র্যাবের ক্যাম্প স্থাপন করা হয়েছে। এখানের সদস্যরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমরা তাদের বেসিক সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করার জন্য আজ পরিদর্শন করছি।
ক্যাম্পে অবস্থানরত র্যাব ও পুলিশ সদস্যের উদ্দেশে তিনি বলেন, দেশ ও জনগণের জন্য কাজ করছেন। একটু কষ্ট সহ্য করেন। স্থায়ী অবকাঠামো তৈরি হলে সব ঠিক হয়ে যাবে।
জেলা প্রশাসক আরও বলেন, এখানের রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ। এলজিইডিকে আমরা বলেছি তারা রাস্তাগুলো মেরামতের ব্যবস্থা করবেন। পানি, স্যানিটেশন সমস্যার সমাধান হয়েছে। তাঁবুর চাহিদা ছিল সেগুলো পূরণ করা হয়েছে। এখানের জনগণের নিরাপত্তার জন্য সরকারের পরিকল্পনা রয়েছে। আমরা সেগুলো বাস্তবায়ন করবো।
চাটগাঁ নিউজ/এমকেএন






