রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ার ইছাখালী ৩নং ওয়ার্ড পশ্চিম পাড়া এলাকায় বালতির পানিতে পড়ে মো. ওয়াজিহান নামের ১৮ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু ঘটেছে।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত শিশু ওই এলাকার বাসিন্দা ও জনতা ব্যাংক রাউজান জলিল নগর শাখার ব্যবস্থাপক শাহ আলমের পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে ওয়াজিহানের মা তাকে বাড়ির ছাদে বালতির পানিতে গোসল করিয়েছিলেন। পরে মা গৃহস্থালির কাজে রান্নাঘরে গেলে শিশু ওয়াজিহান সবার অগোচরে পুনরায় ছাদে চলে যায়। সেখানে গোসলের কাজে ব্যবহৃত বালতিতে জমে থাকা পানিতে খেলতে গিয়ে সে উপুড় হয়ে পড়ে।
পরবর্তীতে পরিবারের সদস্যরা শিশুকে খুঁজে না পেয়ে ছাদে গিয়ে বালতির ভেতরে নিথর অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে দুপুর ১টা ৪৫ মিনিটে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্যাংকার শাহ আলমের শিশুপুত্রের এই অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ওয়াজিহান পরিবারের দুই পুত্র সন্তানের মধ্যে ছোট ছেলে ছিলেন।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন






