ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের পঞ্চবটি চা-বাগান সংলগ্ন ইদিলপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৮ মার্চ) পরিচালিত এ অভিযানে অবৈধভাবে টিলা কাটা ও মাটি অপসারণের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে উপস্থিত ছিলেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, জনস্বার্থে পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন






