চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে পরিকল্পিতভাবে সংঘটিত এক ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ মার্চ) দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নাজির আহমেদ খান এ তথ্য জানান।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ মার্চ) রাতের আগে বিভিন্ন এলাকা থেকে এসে চক্রটির সদস্যরা চট্টগ্রামে জড়ো হয়। কেউ বাসে, কেউ ট্রেনে এসে সন্ধ্যার পর আলাদা আলাদাভাবে পাহাড়তলী এলাকায় অবস্থান নেয়। গভীর রাতে তারা পরিকল্পনা অনুযায়ী রাউজানের পাহাড়তলী ইউনিয়নের দেওয়ানপুর এলাকায় প্রবাসী বাবুল হোসেনের বাড়িতে ডাকাতি চালায়।
ডাকাত দলের একজন সদস্য প্রথমে সিঁড়ি বেয়ে উপরে উঠে একটি ফাঁকা জায়গা দিয়ে ঘরে প্রবেশ করে এবং ভেতর থেকে দরজা খুলে দেয়। পরে বাকিরা ঢুকে পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে তারা পালানোর চেষ্টা করে।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে চক্রটির ৯ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— কবির হোসেন ওরফে জীবন ওরফে আমির (৪৬), আশিক (৪২), বুদু মিয়া (২২), আলী আহম্মদ ওরফে মনু মিয়া (২৩), আবুল হোসেন (৩২), আবুল কালাম (২২), মো. মিটু (২৮), মনোয়ারুজ্জামান ইমন ওরফে শাকিল (২৭) এবং মো. মামুন মিয়া (৩০)।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতরা একটি পেশাদার ডাকাত চক্রের সদস্য এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পলাতক অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে





