চাটগাঁ নিউজ ডেস্ক: ঈদুল ফিতরের টানা ছুটির শুরুতেই চট্টগ্রাম থেকে গ্রামে ফেরার হিড়িক পড়েছে। ছুটির প্রথম দিন থেকেই বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেলেও দ্বিতীয় দিনেও সেই চাপ কমেনি।
বুধবার (১৮ মার্চ) ভোর থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে স্বস্তির বিষয় হলো—ট্রেনগুলো নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে। ফলে অতিরিক্ত ভিড় থাকলেও যাত্রীদের মাঝে তেমন ভোগান্তি দেখা যায়নি; বরং অনেকেই ছিলেন উৎফুল্ল।
অন্যদিকে, ভোর থেকেই নগরের বিভিন্ন বাস টার্মিনালেও দেশের নানা প্রান্তে যাওয়ার জন্য যাত্রীদের ভিড় বাড়তে থাকে। বহদ্দারহাট, নতুন ব্রিজ ও জিইসি এলাকার কাউন্টারগুলোতে গিয়ে দেখা যায়, যাত্রীদের তুলনায় গাড়ির সংখ্যা কম হওয়ায় অনেকেই কাঙ্ক্ষিত টিকিট পাচ্ছেন না। কেউ কেউ দীর্ঘক্ষণ অপেক্ষার পর ফেরত আসা গাড়িতে করে রওনা দিচ্ছেন গন্তব্যে।
কাউন্টার সংশ্লিষ্টরা জানান, ছেড়ে যাওয়া গাড়িগুলো ফিরে এলে টিকিট সংকট কিছুটা কমবে। বর্তমানে যাত্রীর তুলনায় পরিবহন কম থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) শেখ মো. সেলিম জানিয়েছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যানজট নিরসন ও ভাড়া নিয়ন্ত্রণেও পুলিশ কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
রেলস্টেশনে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা সময়মতো ট্রেনে উঠতে পারছেন এবং ট্রেনও নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। কিছু ট্রেনে স্ট্যান্ডিং টিকিট নিয়েও যাত্রা করছেন অনেকে। সকাল ৯টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে বিজয় এক্সপ্রেস ছেড়ে যাওয়াসহ অন্যান্য ট্রেনও সময়সূচি মেনে চলেছে।
দূরপাল্লার বাসের পাশাপাশি মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল এমনকি খোলা ট্রাকেও কম ভাড়ায় যাত্রী পরিবহন করতে দেখা গেছে।
এদিকে, ঘরমুখো মানুষের স্রোতে ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছে চট্টগ্রাম নগরী। ব্যস্ত সড়কগুলোতে আগের মতো যানজট না থাকায় স্বস্তিতে চলাচল করছেন নগরবাসী।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এ উপলক্ষে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত আগেই ছুটি নির্ধারিত থাকলেও অতিরিক্ত নির্বাহী আদেশে ১৮ মার্চ ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে শবে কদরের ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করছেন।
চাটগাঁ নিউজ/এমকেএন
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে





