কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলা সদর সরকারি আবাসিক এলাকায় আনসার ভিডিপি সদস্যদের রেস্ট রুমের অদূরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি সিএনজি অটোরিকশা পুড়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১৫ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত সিএনজি চালক মিন্টু দাস। তিনি উপজেলা সদর বড়ইছড়ি এলাকার বাসিন্দা নির্মল দাসের ছেলে।
অভিযোগে মিন্টু দাস এই প্রতিবেদককে জানান, কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি আবাসিক এলাকায় তার বসতঘরের সামনে রাখা একমাত্র উপার্জনের মাধ্যম সিএনজি অটোরিকশাটিতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়।
তিনি আরও বলেন, ঘটনাস্থলের আশপাশে থাকা একজন আনসার ভিডিপি সদস্য আগুন দেখতে পেয়ে দ্রুত স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে সিএনজি অটোরিকশাটি আংশিকভাবে পুড়ে যায়।
মিন্টু দাস জানান, সিএনজি অটোরিকশাটির বর্তমান বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। এটি ছিল তার পরিবারের একমাত্র আয়ের উৎস। গাড়িটি পুড়ে যাওয়ায় পরিবার নিয়ে ভবিষ্যতে কীভাবে চলবেন তা নিয়ে তিনি দুশ্চিন্তায় রয়েছেন।
এ ঘটনায় মিন্টু দাস কাপ্তাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন






