বিনোদন ডেস্ক: বরাবরের মতো এবারও ঈদুল ফিতর উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে সেজেছে দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এবারের বিশেষ পর্বের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছে ভিন্ন স্বাদের কয়েকটি মিউজিক্যাল ড্রামা, যেখানে অভিনয় করেছেন একঝাঁক জনপ্রিয় তারকা।
উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের দৈনন্দিন জীবনের নানা টানাপোড়েন এবং সমসাময়িক সমস্যা নিয়ে নির্মিত হয়েছে তিনটি মিউজিক্যাল ড্রামা। এতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, তৌসিফ মাহবুব, সারিকা সাবরিন, কুসুম শিকদার, নাসির উদ্দিন খান ও আরফান আহমেদের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা।
সমাজে বাড়তে থাকা নানা অনিয়ম, প্রতারণা ও বিশ্বাসের সংকটকে ঘিরেও থাকছে একটি মিউজিক্যাল ড্রামা। এতে দম্পতি হিসেবে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। তাদের সঙ্গে বিক্রেতার চরিত্রে দেখা যাবে ইকবাল হোসেন ও শাওন মজুমদারকে।
এই বিশেষ ড্রামাগুলোতে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ, রাজিব, পুলক অধিকারী, মৌরী, স্মরণ ও তানজিনা রুমা। সংগীত পরিচালনায় ছিলেন মেহেদী ও আকাশ মাহমুদ।
এছাড়াও এবারের ইত্যাদিতে দর্শকদের জন্য বড় চমক হিসেবে থাকছে চিত্রনায়িকা বুবলীর গায়িকা হিসেবে অভিষেক। কবির বকুলের লেখা একটি গানে ইমরান মাহমুদুলের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তিনি। পাশাপাশি জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের কণ্ঠে শোনা যাবে এস এ হক অলীকের লেখা নতুন গান ‘বুঝি নাই তো আগে’।
নিয়মিত দর্শকপর্বের বিশেষ অতিথি হিসেবে এবার দেখা যাবে অভিনেতা মোশাররফ করিমকে। তিনি নির্বাচিত চারজন দর্শকের সঙ্গে তাৎক্ষণিক অভিনয়ে অংশ নিয়েছেন।
এছাড়া বিদেশি নাগরিকদের অংশগ্রহণ, তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমির নাচসহ ইত্যাদির চিরচেনা বৈচিত্র্যময় আয়োজনও থাকছে অনুষ্ঠানে।
হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদির এই বিশেষ ঈদ পর্বটি প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে।
চাটগাঁ নিউজ/এমকেএন





