ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫–২০ জন আহত হয়েছেন।
চট্টগ্রামের ফটিকছড়িতে সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫–২০ জন আহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের পেলাগাজী দিঘি এলাকায় একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মোটরসাইকেল আরোহী নয়ন উরাং (১৯), উত্তম উরাং (২০) এবং তপু কর্মকার (১৬)। তাদের সবার বাড়ি ফটিকছড়ি উপজেলার হারয়ালছড়ি ইউনিয়নের হাজারীখীল এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা থেকে খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে একটি বৌভাত অনুষ্ঠানে অংশ নিতে দুটি বাস যাত্রা করেছিল। অনুষ্ঠান শেষে ফেরার পথে পেলাগাজী দিঘি এলাকায় বাস দুটির একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং ১৫–২০ জন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কয়েকজন আহতের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন






