চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ও আশপাশের এলাকায় সন্ত্রাসী দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে ভোর থেকে শুরু হওয়া যৌথ বাহিনীর অভিযানে অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে। এ সময় পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) ২টার পর সলিমপুরের প্রবেশমুখে সাংবাদিকদের এ তথ্য জানান চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) নাজমুল হাসান।
তিনি বলেন, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দেওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে এই সমন্বিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে এবং তল্লাশি এখনও অব্যাহত রয়েছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর একটি স্থায়ী ক্যাম্প স্থাপনের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।
তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঠিক কতজনকে আটক করা হয়েছে বা কী পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি পুলিশ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সোমবার ভোর ৫টার দিকে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে সমন্বিত অভিযান শুরু করেন। এর মধ্যে তিন হাজারের বেশি সদস্য জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে অংশ নেন।
দীর্ঘদিন ধরে পাহাড়ি ও দুর্গম এই অঞ্চলটিতে অপরাধীরা আত্মগোপনে থেকে অস্ত্র মজুত করে রাখছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এলাকাটি অপরাধী চক্রের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সাম্প্রতিক কয়েকটি ঘটনার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিকল্পিতভাবে এই অভিযান শুরু করা হয়।
বিশেষ করে র্যাব কর্মকর্তা আব্দুল মোতালেব ভূঁইয়া হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে জোর দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
ওই মামলার অন্যতম আসামি শীর্ষ সন্ত্রাসী ইয়াছিন ও তার সহযোগীরা এ এলাকায় অবস্থান করছে—এমন তথ্য পাওয়ার পর এলাকাটিতে নজরদারি বাড়ানো হয়।
চলমান অভিযানে অংশ নেওয়া বাহিনীর সদস্যদের কয়েকটি দলে ভাগ করা হয়েছে। একটি দল পাহাড়ের নিচের বসতিগুলোতে তল্লাশি চালাচ্ছে, আরেকটি দল পাহাড়ি পথ ধরে ভেতরের দিকে অগ্রসর হচ্ছে। সম্ভাব্য পালানোর পথগুলোতে আগেই চেকপোস্ট বসানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অভিযান চলাকালে বায়েজিদ–ফৌজদারহাট লিংক সড়ক বন্ধ রাখা হয়েছে। সড়কটির আশপাশে সেনাবাহিনীর কয়েকটি সাঁজোয়া যান অবস্থান নিয়েছে। পাশাপাশি জঙ্গল সলিমপুরের প্রবেশমুখে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদেরও অবস্থান নিতে দেখা গেছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






