আনোয়ারা প্রতিনিধি: ‘আনোয়ারায় অবাধে চলছে ফসলি জমির মাটি কাটার উৎসব’ শিরোনামে সিপ্লাসটিভিতে সংবাদ প্রকাশের পর মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ১০টা থেকে রাত প্রায় ২টা পর্যন্ত উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গার বাইন্যারদিঘী এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা। এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর জব্দ করা হয়।
জানা যায়, দীর্ঘ তিন মাস ধরে আনোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবাধে ফসলি জমি থেকে মাটি কেটে বটতলী ইউনিয়নের দুটি ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে একটি স্থানীয় সিন্ডিকেট। এতে এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তবে দীর্ঘদিন ধরে মাটি কাটার এই কর্মকাণ্ড চললেও প্রশাসন ছিল নীরব।
সর্বশেষ গত ১ মার্চ ‘সিপ্লাসটিভি’তে মাটি কাটার বিরুদ্ধে একটি সংবাদ প্রচার করা হয়। পরে বিষয়টি স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের নজরে আসে। এরপর গত বৃহস্পতিবার আনোয়ারা উপজেলা আইনশৃঙ্খলা সভায় মাটি কাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে কড়া নির্দেশ দেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা জানান, রাতের আঁধারে একটি চক্র অবাধে মাটি কাটছে। অভিযোগ পেয়ে রায়পুর ইউনিয়নে দীর্ঘ চার ঘণ্টা অভিযান চালিয়ে একটি স্কেভেটর জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এমকেএন






