চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম রেলপথের চট্টগ্রামমুখী ডাউন লাইনে এক ব্যক্তি ট্রেনের নিচে পড়ে গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রাশেদ রানা জানান, নিহত ব্যক্তির মাথাসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে গেছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিত করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






