আনোয়ারায় ইউএনও ও কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ‘ডেইলি আনোয়ারা কর্ণফুলী’ নামে একটি ফেসবুক পেজকে অভিযুক্ত করে এ জিডি দায়ের করা হয়।

রোববার (১ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চৌধুরী নিউটন বড়ুয়া আনোয়ারা থানায় জিডি করেন।

জিডিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট পেজটি গত কয়েক মাস ধরে বিভিন্ন সময়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করে উপজেলা প্রশাসন ও কর্মকর্তাদের সম্মানহানি করছে। সর্বশেষ গত ২৮ ফেব্রুয়ারি ‘আনোয়ারার ইউএনও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুদকে অভিযোগের প্রস্তুতি’ শিরোনামে একটি পোস্ট প্রকাশ করা হয়। সেখানে স্থানীয় সচেতন নাগরিক পরিচয়ে ফরিদুল ইসলামের বরাত দিয়ে ইউএনও তাহমিনা আক্তার, উপজেলা প্রকৌশলী জাহেদুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান কাফি এবং নিউটন বড়ুয়ার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ তোলা হয়।

এর আগে ১৪ জানুয়ারি ‘অনিয়মে ভরপুর আনোয়ারা উপজেলা প্রশাসনের প্রায় দপ্তর, ভোগান্তিতে সাধারণ মানুষ’ শিরোনামে আরেকটি লেখা প্রকাশ করে পেজটি। সেখানে ইউএনও’র আশ্রয়ে বিভিন্ন দপ্তরের প্রধানরা অনিয়ম করছেন বলে দাবি করা হয়।

এছাড়া ২০২৫ সালের ১৭ ডিসেম্বর ‘চাঁদাবাজির টাকায় সাংবাদিকদের মগ উপহার দিলেন ইউএনও পিএ নিউটন বড়ুয়া’ শিরোনামে প্রকাশিত আরেকটি পোস্টকে বাদী সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর বলে দাবি করেছেন।

জিডিতে চৌধুরী নিউটন বড়ুয়া বলেন, ধারাবাহিক এসব প্রকাশনায় উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অসত্য ও আপত্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তিনি তথ্যপ্রযুক্তি আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

চাটগাঁ নিউজ/এসএ

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top