আনোয়ারায় চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাই, আটক ৩

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক অটোরিকশা চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় জনতার ধাওয়ায় তিন ছিনতাইকারী আটক হন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের গোদারগোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন— মো. সেলিম (৩০), মো. হৃদয় (২৮) ও মো. সাজ্জাদ (২৫)। তারা সবাই আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

ভুক্তভোগী অটোরিকশা চালক মোহাম্মদ ইলিয়াস (৩০) বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের পুরাতন মাদ্রাসার বড় বাড়ির মনির আহমদের ছেলে।

জানা যায়, বটতলী রুস্তমহাট বাজার থেকে যাত্রীবেশে ওঠা তিন ব্যক্তি গোদারপাড় এলাকায় পৌঁছালে চালক ইলিয়াসের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন। এ সময় তাকে ছুরিকাঘাত করে অটোরিকশা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

আহত অবস্থায় ইলিয়াস চিৎকার করলে স্থানীয়রা একটি সিএনজি অটোরিকশা নিয়ে ছিনতাইকারীদের প্রায় সাত কিলোমিটার ধাওয়া করেন। জুঁইদন্ডী হয়ে রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে পৌঁছালে জনতা তিনজনকে আটক করে। স্থানীয়দের দাবি, আটককৃতরা ঘটনাটি স্বীকার করেছে।

স্থানীয়রা জানান, সরেঙ্গা গ্রামে এসে ছিনতাইকারীদের অটোরিকশাটি গর্তে আটকে উল্টে যায়। পেছনে ধাওয়া করা মোটরসাইকেল ও সিএনজিতে থাকা লোকজন বিষয়টি নিশ্চিত করলে চারজনের মধ্যে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। অপর একজন পালিয়ে যায়।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top