চাটগাঁ নিউজ ডেস্ক: কুমিল্লা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) সংসদীয় আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন। তিনি মাথা, মুখ ও কোমড়ে আঘাত পেয়েছেন বলে জানা গেছে।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে নেতাকর্মীরা তাকে উদ্ধার করে বারইয়ারহাট পৌরসভার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা নেন।
বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী বলেন, মঙ্গলবার সকালে একটি ব্যবসায়িক কাজে কুমিল্লা যান মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন। বিকাল ৩ টায় ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় একটি গাড়িকে বাঁচাতে গিয়ে তার চালক নুরুল আমিনকে বহন করা কারটি সড়ক বিভাজনের সাথে ধাক্কা দেয়। এতে তিনি মুখ, মাথা ও কোমরে আঘাতপ্রাপ্ত হন।
তিনি আরো জানান, প্রাথমিক চিকিৎসা শেষে মাননীয় এমপিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়া হয়েছে।
বারইয়ারহাট পৌরসদরের কমফোট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, আজ বিকাল ৩টা ৪০ মিনিটে সংসদ সদস্য নুরুল আমিনকে আমাদের হাসপাতালে আনা হয়। আমাদের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তিনি মুখ, মাথা ও কোমড়ে আঘাত পেয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে






