উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: উখিয়া উপজেলাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত এবং অন্তত ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১টার দিকে উখিয়া সদর কেন্দ্রীয় মসজিদের সামনে ট্রাকের ধাক্কায় কামাল উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
অন্যদিকে, একইদিন সকাল ১১টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছেপটখালী এলাকায় মেরিন ড্রাইভ সড়কে মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হন। টেকনাফগামী একটি সাদা মাইক্রোবাস, কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশা এবং ডাব্লিউএইচও’র একটি জিপ গাড়ির মধ্যে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে সিএনজি অটোরিকশাটি রাস্তার নিচে পড়ে যায় এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশ জানায়, আহতদের মধ্যে রাশেদা আক্তার ও সিএনজি অটোরিকশা চালক মুন্নার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর চারজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত আরও কয়েকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দূর্জয় সরকার বলেন, মেরিন ড্রাইভ সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশা, মাইক্রোবাস ও ডাব্লিউএইচও’র জিপ পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এ বিষয়ে উখিয়া শাহপরীর দ্বীপ হাইওয়ে থানার ওসি সাইফুল ইসলাম বলেন, দুপুরে সদরে ট্রাকের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এর আগে সকালে মেরিন ড্রাইভে মুখোমুখি সড়ক দুর্ঘটনায় ৬ জন আহত হন।
তিনি আরও বলেন, দুটি দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে






