পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীতে পদোন্নতি পাওয়া দুই কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ দুই কর্মকর্তা হলেন– লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ও মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে নিজের কার্যালয়ে প্রধানমন্ত্রী এ দুজনকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে রোববার (২২ ফেব্রুয়ারি) লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) করা হয়।

আর সেনা সদরে দায়িত্বরত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক করা হয়।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান। সকালে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে পৌঁছালে তিন বাহিনীর প্রধানরা তাকে স্বাগত জানান। এ সময় সরকারপ্রধান সশস্ত্র বাহিনী প্রধানদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন।

এ ছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top