চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, নতুন করে কালুরঘাট সেতু নির্মাণ বোয়ালখালীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। এটির ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হয়েছে এবং শিগগিরই নির্মাণকাজ শুরু হবে। আগামী পাঁচ বছরের মধ্যেই সেতুর কাজ শেষ করার লক্ষ্যে নিয়মিত তদারকি করা হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুরুতে চরণদ্বীপ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে চট্টগ্রাম-৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এরশাদ উল্লাহকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। সেইসঙ্গে কধুরখীল, পোপাদিয়া ও পূর্ব গোমদন্ডী এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন এরশাদ উল্লাহ।
তিনি বলেন, আপনাদেরকে সাথে নিয়ে নির্বাচনী এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কাজ করবো। পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে কর্ণফুলী নদীর ভাঙ্গন রোধে সরকার আপনাদের পাশে আছে। সবার সহযোগিতা পেলে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত পরিচ্ছন্ন এলাকা উপহার দিতে পারবো।
তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে তাঁরই সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচি শুরু হচ্ছে। এটি বাস্তবায়ন হলে কৃষকেরা সুফল ভোগ করবে।
আমরা কৃষকদেরকে সার ও বীজ দিয়ে সহায়তা করতে চাই। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আমরা সারাদেশে কাজ শুরু করেছি। সারাদেশে ৫ কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অন্যান্য ভাতার ব্যাপারেও সরকার বিবেচনায় রেখেছে।
তিনি বলেন, বিগত ১৭ বছরে অনুষ্ঠিত তামাশার নির্বাচনগুলোতে জণগণ ভোট দিতে পারেনি। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ট আসনে বিএনপিকে জয়ী করেছে। সবাইকে সঙ্গে নিয়ে আমরা মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত উন্নত নতুন বাংলাদেশ গড়তে চাই।
চরণদ্বীপ ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি নেতা আবুল বশরের সঞ্চালনায় অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-৮ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বিএনপি নেতা আজিজুল হক চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও দক্ষিণ জেলা বিএনপি নেতা শওকত আলম, বোয়ালখালী পৌর বিএনপির আহবায়ক শহীদুল্লাহ চৌধুরী ও দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর। স্বাগত বক্তব্য রাখেন বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রনজিত কুমার শীল প্রমুখ।
চাটগাঁ নিউজ/এসএ
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে





