চাটগাঁ নিউজ ডেস্ক: নতুন মন্ত্রিসভার সদস্যদের ব্যবহারের জন্য সচিবালয় থেকে ৪৯টি সরকারি গাড়ি জাতীয় সংসদ ভবনে পাঠানো হচ্ছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গাড়িগুলো সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, গঠিত মন্ত্রিসভার সদস্যরা এসব গাড়িতে করে সংসদ ভবন থেকে নিজ নিজ সরকারি বাসভবনে যাবেন। যেহেতু নবনির্বাচিত সংসদ সদস্যরা বর্তমানে জাতীয় সংসদ ভবনে অবস্থান করছেন, তাই এ বছর মন্ত্রীদের বাসায় পৃথকভাবে গাড়ি পাঠানো হচ্ছে না। সরাসরি সংসদ ভবনেই গাড়িগুলো পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এদিকে, বিএনপির চেয়ারপারসনের দায়িত্বপ্রাপ্ত নেতা তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে তার সভাপতিত্বে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়।
নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতির অংশ হিসেবেই এই গাড়ি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





