চাটগাঁ নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেছেন। তবে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির পক্ষ থেকে এ বিষয়ে সুস্পষ্ট অবস্থান জানানো হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার পর জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এমপিদের শপথ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথের জন্য আলাদা ফরম থাকলেও বিএনপির কেউ ওই পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি। পাশাপাশি বিষয়টি এখনো সংবিধানের অংশ নয় বলেও মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ আরও জানান, গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত কার্যকর হলে তা আগে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। সেই সঙ্গে পরিষদের সদস্যদের শপথ কে পড়াবেন—এ বিষয়েও সুস্পষ্ট সাংবিধানিক বিধান থাকা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। তাঁর দাবি, বর্তমান সংবিধানে এ ধরনের শপথের কোনো বিধান নেই এবং বিএনপি সাংবিধানিক কাঠামোর বাইরে যাবে না।
এর আগে একই দিনে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
নির্বাচনে তারেক রহমান-এর নেতৃত্বাধীন বিএনপি জোট ২১২টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এর মধ্য দিয়ে দলটি দেশের ইতিহাসে ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে।
অন্যদিকে ৬৮টি আসন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকবে। দলটির সংসদীয় নেতৃত্বে আসতে যাচ্ছেন ডা. শফিকুর রহমান।
চাটগাঁ নিউজ/এমকেএন





