নির্বাচনি দায়িত্ব শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু
আহত ১০

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় নির্বাচনি দায়িত্ব শেষ করে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১০ জন সদস্য । যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহত আনসার সদস্যের নাম মো. আব্দুল জব্বার। তার পিতার নাম মো. দবির উদ্দিন সরদার এবং মাতার নাম মোছা. খোরমিদা নিশা। তার গ্রামের বাড়ি হাসানপুর, ডাকঘর হাটি কুমরুল, থানা সলঙ্গা, জেলা সিরাজগঞ্জ। তিনি পতেঙ্গাস্থ মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে কর্মরত ছিলেন এবং অঙ্গীভূত আনসার সদস্য হিসেবে নির্বাচনি দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী টানেল সড়কের চৌরাস্তামোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্যটি নিশ্চিত করেছেন বাহিনীর উপপরিচালক মো. আশিকউজ্জামান।

তিনি বলেন, ২৩ জন আনসার সদস্য বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে উঠে উল্টে যায়। ঘটনাস্থলেই আনসার সদস্য মো. আব্দুল জব্বার নিহত হন।

আহতদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম বিএনএস হাসপাতালের আইসিইউতে এবং সাতজনকে এইচডিইউতে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি নিহত সদস্যের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একইসঙ্গে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহমেদ জানান, দুর্ঘটনার পরপরই আহত আনসার সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আব্দুল জব্বার নামে এক সদস্য চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

আনসার বাহিনী জানিয়েছে, গতকাল সারাদেশে নির্বাচনী দায়িত্বে আনসার ও ভিডিপির ৫ লাখ ৭৬ হাজারের বেশি সদস্য নিয়োজিত ছিলেন। বিপুলসংখ্যক সদস্যকে নিরাপদে দায়িত্বস্থলে প্রেরণ ও প্রত্যাবর্তন নিশ্চিত করা ছিল বড় চ্যালেঞ্জ।

দেশের অন্য কোথাও বড় ধরনের দুর্ঘটনার খবর না মিললেও চট্টগ্রামের এই ঘটনা বাহিনীতে শোকের ছায়া ফেলেছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top