রাউজানে বিএনপি কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি, এলাকায় আতঙ্ক

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে বিএনপির এক কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে একদল সন্ত্রাসী।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কদলপুর ইউনিয়নের শমসেরপাড়া গ্রামে সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী রুস্তম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, প্রায় ১০ থেকে ১২ জন অস্ত্রধারী হঠাৎ রুস্তম আলীর বাড়ির দিকে কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে এবং গালাগাল করে চলে যায়। তবে বাড়িতে কোন ব্যক্তি আহত হননি।

রুস্তম আলী স্থানীয়ভাবে বিএনপির সংসদ সদস্য প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। হামলার সময় উপস্থিত কেউ হামলাকারীদের সঠিক পরিচয় নিশ্চিত করতে পারেননি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, হামলার খবর পাওয়ার পর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হামলার পেছনের কারণ এবং হামলাকারীদের সঠিক পরিচয় এখনও স্পষ্ট নয়। তিনি বলেন, তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top