২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন: ইসি

চাটগাঁ নিউজ ডেস্ক: দেশের ২৯৯টি সংসদীয় আসনে ব্যালট পেপার পৌঁছে দেওয়ার মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের একটি হলরুমে বিদেশি সাংবাদিকদের জন্য তথ্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ‘মিডিয়া সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ কথা জানান।

তিনি বলেন, শেরপুর-৩ আসন ছাড়া দেশের বাকি সব আসনে ব্যালট পেপার ও প্রয়োজনীয় নির্বাচন উপকরণ পৌঁছে গেছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পর্যায়ক্রমে এসব উপকরণ সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে নির্ধারিত স্থানে পাঠানো হচ্ছে। এর মধ্য দিয়ে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ইসি সচিব আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সকালে ভোটগ্রহণের মধ্য দিয়ে দেশ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে প্রবেশ করবে এবং নতুন একটি অধ্যায়ের সূচনা হবে। এই পথ সহজ ছিল না; নানা বাধা অতিক্রম করেই এই পর্যায়ে আসতে হয়েছে।

ভোট গণনা প্রসঙ্গে তিনি জানান, ভোটগ্রহণ শেষ হবে বিকেল সাড়ে ৪টায়। এরপর কেন্দ্রভিত্তিক ফলাফল প্রথমে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে যাবে। সেখান থেকে রিটার্নিং কর্মকর্তা ফলাফল সংকলন করে নির্বাচন কমিশনে পাঠাবেন এবং কমিশন পর্যায়ক্রমে ফল প্রকাশ করবে।

এবার প্রথমবারের মতো পোস্টাল ব্যালট ব্যবস্থার কারণে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে আলাদা ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। কাঠামোগত প্রক্রিয়া ও যাচাই-বাছাইয়ের কারণে পোস্টাল ব্যালটের ফলাফল পেতে তুলনামূলকভাবে কিছুটা সময় লাগতে পারে, তবে ফল প্রকাশ অযথা বিলম্বিত হবে না বলে আশ্বাস দেন তিনি।

ইসি সচিব বলেন, নির্বাচন কমিশন নিয়মিত তথ্য সরবরাহ করবে এবং প্রয়োজন অনুযায়ী ব্যাখ্যাও দেবে। একই সঙ্গে অপতথ্য ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সত্য যত কঠিনই হোক না কেন, কমিশন সত্যটাই তুলে ধরবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য সচিব মাহবুবা ফারজানা, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও গণমাধ্যমকর্মীরা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top