এক টাকায় হাজার টাকার বাজার, উদ্ধোধন করলেন মেয়র ‍

চাটগাঁ নিউজ ডেস্ক: রমজান মাসে দুঃস্থ ও নিম্ন আয়ের রোজাদারদের পাশে দাঁড়াতে বিদ্যানন্দ ফাউন্ডেশন প্রতিবছরের মতো এবারও দেশব্যাপী চালু করেছে ব্যতিক্রমধর্মী উদ্যোগ ‘১ টাকায় রোজার বাজার’।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় এই কর্মসূচির আওতায় একদিকে ইফতার ও সাহরি বিতরণ, অন্যদিকে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য নিত্যপণ্যের বিশেষ বাজারের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরীর বিপ্লব উদ্যানে এই বাজারের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

উদ্বোধনী বক্তব্যে মেয়র বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামর্থ্যবানদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। বিদ্যানন্দের এই ‘এক টাকায় রোজার বাজার’ একটি অনন্য ও প্রশংসনীয় উদ্যোগ। এখানে এসে মনে হচ্ছে ইতিহাসের শায়েস্তা খাঁর আমলের মানবিক চেতনা যেন ফিরে এসেছে। মাত্র এক টাকায় মানুষ নিজেদের প্রয়োজন অনুযায়ী হাজার টাকারও বেশি পণ্য বেছে নেওয়ার সুযোগ পাচ্ছে—এটি সত্যিই অভাবনীয়। সমাজের বিত্তবানরা যদি এমন উদ্যোগে এগিয়ে আসেন, তাহলে রমজানে সাধারণ মানুষ অনেকটাই স্বস্তি পাবে।

নগরীর বিভিন্ন এলাকা থেকে আসা নিম্ন আয়ের মানুষজন উৎসবমুখর পরিবেশে বাজার করছেন। কারও মুখে নেই লজ্জা কিংবা ভিক্ষার অনুভূতি—মাত্র এক টাকায় সম্মানের সঙ্গে নিজের পছন্দের বাজার করার সুযোগ পেয়ে তাদের চোখে-মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি।

এই বিশেষ বাজারে একটি পূর্ণাঙ্গ সুপারশপের আদলে ১৬ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে চাল, ডাল, ছোলা, তেল, ডিমসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। এখানে ১ কেজি চাল পাওয়া যাচ্ছে ১ টাকায়, ১ কেজি ছোলা ২ টাকায়, ১ ডজন ডিম দেড় টাকায়, ১ লিটার তেল ৩ টাকায় এবং একটি মুরগি মাত্র ৪ টাকায়।

ক্রেতারা এক টাকা দিয়ে ১০টি টোকেন গ্রহণ করেন, যা দিয়ে বিভিন্ন কাউন্টারে গিয়ে পছন্দের পণ্য সংগ্রহ করতে পারেন। বাজার ব্যবস্থাপনা ও নিয়ম বুঝিয়ে দিতে সার্বক্ষণিক কাজ করছেন বিদ্যানন্দের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীরা।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের গভর্নিং বডির পরিচালক জামাল উদ্দিন বলেন, রমজান হলো সহমর্মিতার মাস। রোজা পালনের মাধ্যমে মানুষ ক্ষুধার্ত মানুষের কষ্ট উপলব্ধি করতে শেখে এবং সেই অনুভূতি থেকেই মানবতার সেবায় এগিয়ে আসার প্রেরণা পায়। বিদ্যানন্দ ফাউন্ডেশন ও এর স্বেচ্ছাসেবী দাতারা দীর্ঘদিন ধরে সেই দায়িত্ব পালন করে যাচ্ছে। আজকের এই বাজারের মাধ্যমে অন্তত ৫ শতাধিক দরিদ্র পরিবার মাত্র এক টাকায় প্রায় এক হাজার টাকার নিত্যপণ্য সংগ্রহ করতে পারবে, যা তাদের এই সংকটময় সময়ে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top