মীরসরাইয়ে আবুল খায়ের গ্রুপের রডসহ মালামাল উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: মীরসরাইয়ে চোরাই মালামাল উদ্ধারের অভিযান চালিয়ে আবুল খায়ের গ্রুপের রড জব্দ করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। অভিযানে একটি মোটরসাইকেল ও সেগুন কাঠের তৈরি কিছু আসবাবপত্রও উদ্ধার করা হয়।

শনিবার (৩১ ফেব্রুয়ারি) গভীর রাতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে ধুমঘাট হাজী চাঁন মিয়া বিদ্যালয়ের নিকটবর্তী একটি বাড়ি থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়ককেন্দ্রিক একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ট্রাকচালকদের সঙ্গে যোগসাজশে বিভিন্ন মালবাহী গাড়ি থেকে রড ও ফার্নিচার নামিয়ে অবৈধভাবে বিক্রি করে আসছিল। শনিবার রাতে একটি ট্রাক থেকে রড নামানোর সময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকবোঝাই রডসহ অন্যান্য মালামাল জব্দ করে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) নাদিম হায়দার চৌধুরী জানান, উদ্ধার করা সব মালামাল বর্তমানে জোরারগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top