চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে বিশেষ চেকপোস্ট বসিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ মো. খুরশিদ আলম (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও হেলমেট জব্দ করা হয়।
আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার ১০ নম্বর চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকায় পেকুয়া-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানোর সময় একটি ইয়ামাহা এফজেড ভার্সন-২ মোটরসাইকেল থামানো হয়। পরে মোটরসাইকেল চালক খুরশিদ আলমের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার খুরশিদ আলম বাঁশখালীর পূর্ব চাম্বল এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন আমিন জুট মিল এলাকায় ভাড়া বাসায় থাকেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার খুরশিদ আলম ওরফে ‘সোর্স খোরশেদ’ চট্টগ্রাম নগরের ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
চাটগাঁ নিউজ/জেএইচ






