চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে যুবদলের মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় মিছিলে অংশ নেওয়া ২০ থেকে ৩০টি গাড়ি ভাঙচুর এবং কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিফায়েতনগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের সময় একই ইউনিয়নের নানুপুর বাজার এলাকায় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রকাশ্যে মিছিল করেন। ওই মিছিলের নেতৃত্বে ছিলেন কিফায়েতনগর এলাকার যুবলীগ নেতা নুরুল করিম। মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেওয়া হয়।
এর প্রতিবাদে আজ শনিবার বিকেলে যুবদল মিছিল বের করলে কিফায়েতনগর এলাকায় পৌঁছানোর পর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন দলটির নেতা-কর্মীরা। এ সময় মিছিলে থাকা গাড়িগুলো ভাঙচুর করা হয়। একপর্যায়ে কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, ফেসবুক লাইভে এসে যুবলীগ নেতা নুরুল করিম তার বাড়িতে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করছেন বলে অভিযোগ করেন।
ঘটনায় আহত কয়েকজনকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা জড়ো হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি এলাকায় টহল জোরদার করা হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ এবং চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. তারেক আজিজ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি শান্ত করতে পুলিশ মাঠে কাজ করছে। প্রয়োজনে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
এর আগে শুক্রবার নানুপুর বাজারে প্রকাশ্যে মিছিল করার ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, ওই মিছিলের নেতৃত্বে ছিলেন যুবলীগ নেতা নুরুল করিম।
চাটগাঁ নিউজ/জেএইচ






