হৃদয়ের সেঞ্চুরি-লিটনের দাপটে রেকর্ড গড়া দিন বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক: প্রথম বলেই উইকেট হারানোর ধাক্কা, দিনের শেষ বলে আরেকটি আক্ষেপ! মাঝখানের পুরোটা সময় অবশ্য ওয়ান্ডারার্সের মাঠে লেখা হলো বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর অসাধারণ এক গল্প। কাগিসো রাবাদার বিধ্বংসী বোলিংয়ে ২২ রানে ৩ উইকেট হারিয়ে যখন দিশেহারা সফরকারীরা, তখন তাওহিদ হৃদয় ও লিটন দাসের ব্যাটে বদলে গেল ম্যাচের চিত্র। তৈরি হলো একের পর এক রেকর্ড। টেস্টের ১ম দিন শেষে স্কোরবোর্ডে ৬ উইকেটে ৩২৭ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ!

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু সেই সিদ্ধান্তের স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হতে দেননি দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। ইনিংসের প্রথম বলেই অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিনকে ফিরিয়ে দেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বলেই গোল্ডেন ডাকের তিক্ত অভিজ্ঞতা নিয়ে সাজঘরে ফিরতে হয় ২২ বছর বয়সী ওপেনারকে। টেস্ট ইতিহাসে অভিষেক ইনিংসের প্রথম বলেই আউট হওয়া চতুর্থ ব্যাটসম্যান রবিন। বাংলাদেশের ক্রিকেটে এমন ঘটনা প্রথম।

এরপর মুমিনুল হক কোনো রান না করেই ফিরে গেলে বিপদ বাড়ে বাংলাদেশের। অধিনায়ক শান্তও রাবাদার শিকার হন মাত্র ১২ রানে। স্কোরবোর্ডে তখন ২২ রান, বিপরীতে তিন উইকেট নেই। দক্ষিণ আফ্রিকার মাটিতে ব্যাটিংয়ের কঠিন পরীক্ষায় পড়ে বাংলাদেশ।

সেই পরীক্ষা থেকে দলকে বের করে আনার কাজ শুরু করেন তানজিদ হাসান তামিম ও তাওহিদ হৃদয়। চতুর্থ উইকেটে দুজনের ৯৯ রানের জুটি শুধু ইনিংসের ভাঙনই ঠেকায়নি, বাংলাদেশকে ফিরিয়েছে লড়াইয়ের মঞ্চে। ১০৮ বলে ৬৭ রান করে তানজিদ বিদায় নিলেও হৃদয় তখন ক্রিজে জমে গেছেন। আর তাঁর সঙ্গে নতুন করে প্রতিরোধের দেয়াল গড়তে আসেন লিটন দাস।

এরপর ওয়ান্ডারার্সে যেন দৃশ্যপট বদলে যায়। দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের বিপক্ষে দুজনের ব্যাটিংয়ে ছিল আত্মবিশ্বাস, ধৈর্য আর পরিস্থিতি বুঝে খেলার দারুণ সমন্বয়। অফ স্টাম্পের বাইরের বল ছেড়ে দেওয়া, আলগা বল পেলে সীমানার বাইরে পাঠানো-সব মিলিয়ে হৃদয়ের ব্যাটিংয়ে ফুটে ওঠে পরিণত এক টেস্ট ব্যাটসম্যানের ছাপ।

মাত্র চতুর্থ টেস্ট খেলতে নামা এই ব্যাটসম্যান ১৯৪ বলে পৌঁছে যান তিন অঙ্কের ঘরে। সেঞ্চুরি উদ্‌যাপনের পরিচিত দৃশ্যটিও দেখা যায় আবার। হেলমেট খুলে ব্যাটের আগায় তুলে ধরে উঁচিয়ে ধরেন তিনি। সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ২৪২ রানের ঐতিহাসিক ইনিংসের পর দক্ষিণ আফ্রিকার মাটিতেও শতক। টেস্টে নিজের সামর্থ্যের নতুন পরিচয় দিলেন হৃদয়।

এখানেই শেষ নয়। সিলেটে প্রথম ইনিংসে ২৪২ রানের পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৮২। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সেঞ্চুরি। টানা তিন ইনিংসে বড় সংগ্রহের ধারাবাহিকতা ধরে রেখে নিজের ক্যারিয়ারকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন এই তরুণ ব্যাটার।

অন্য প্রান্তে লিটন দাসও ছিলেন সমান দৃঢ়। হৃদয়ের সঙ্গে তার বোঝাপড়া ক্রমেই রূপ নেয় বাংলাদেশের ইনিংসের সবচেয়ে বড় শক্তিতে। ষষ্ঠ উইকেটে দুজনের ২০৬ রানের জুটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ জুটির নতুন রেকর্ড গড়ে। এর আগে ২০২৪ সালে মিরপুরে জাকের আলী ও মেহেদী হাসান মিরাজের ১৩৮ রানের জুটি ছিল এই রেকর্ডের মালিক। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে বাংলাদেশের কোনো জুটির প্রথম শতরানের মাইলফলকও পেরিয়ে যায় হৃদয়-লিটনের জুটি।

এর আগে তানজিদ ও হৃদয়ের ৯৯ রানের জুটি ভেঙেছিল ২২ বছর আগের হান্নান সরকার ও হাবিবুল বাশারের ৮৪ রানের রেকর্ড। দিনের কয়েক ঘণ্টার ব্যবধানে সেই রেকর্ডও ছাপিয়ে যায় হৃদয়-লিটনের জুটি। এক দিনে বাংলাদেশের ব্যাটিং ইতিহাসে এমন একাধিক অর্জন যোগ হওয়া নিঃসন্দেহে বিশেষ কিছু!

তবে দিনের শেষ মুহূর্তে এসে তৃপ্তির সঙ্গে মিশে যায় কিছুটা বিষাদ। শেষ ওভার করতে আসেন বাঁহাতি পেসার মার্কো ইয়ানসেন। তার নিচু ফুলটসে শাফল করে খেলতে গিয়ে বলের লাইনে যেতে পারেননি হৃদয়। ব্যাটের কানা এড়িয়ে বল সরাসরি আঘাত করে প্যাডে। আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়েও রক্ষা হয়নি। ২২৭ বলে ১৪ চার ও এক ছয়ে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে বিদায় নিতে হয় তাকে। দিনের শেষ বলে ভাঙে ২৯৯ বল স্থায়ী ২০৬ রানের জুটি।

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের রেকর্ডেও যৌথভাবে জায়গা করে নিয়েছেন হৃদয়। তার ১৩৭ রানের ইনিংসের সমান রান রয়েছে মাহমুদুল হাসান জয়েরও।

দিনের শেষ বলে হৃদয়ের বিদায়ে বাংলাদেশের ড্রেসিংরুমে কিছুটা অস্বস্তি থাকলেও স্কোরবোর্ডের দিকে তাকালে দিনটি নিঃসন্দেহে সফরকারীদের। ৮৪ ওভারে ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে আগের সর্বোচ্চ ৩২৬ রান ছিল ২০১৫ সালে চট্টগ্রামে। সেই রেকর্ড এবার ছাড়িয়ে গেল দল।

৫ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণে সবচেয়ে সফল রাবাদা। ১৭ ওভারে ৫১ রান দিয়ে তার শিকার ৫ উইকেট। ইয়ানসেন নিয়েছেন একটি। তবে দিন শেষে আলোটা কেড়ে নিয়েছে বাংলাদেশের ব্যাটিং প্রতিরোধ।

ক্রিজে অপরাজিত লিটন দাস। ১৩৮ বলে ১২ চার মেরে তার সংগ্রহ ৯২ রান। আর মাত্র ৮ রান দূরে সেঞ্চুরি। প্রথম দিনের শেষ বলে হৃদয়ের বিদায় যেমন বাংলাদেশের জন্য আক্ষেপের, তেমনি দ্বিতীয় দিনের শুরুতে লিটনের ব্যাটে আরেকটি শতকের অপেক্ষাও বাড়িয়ে দিয়েছে প্রত্যাশা।

দিনের শুরুতে যে দল ২২ রানে তিন উইকেট হারিয়ে বিপর্যস্ত, সেই দলই দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের সর্বোচ্চ টেস্ট সংগ্রহ নিয়ে। হৃদয় দেখিয়েছেন লড়াইয়ের পথ, লিটন এখনো সেই লড়াইয়ের মশাল হাতে। ওয়ান্ডারার্সে বাংলাদেশের জন্য দিনটি তাই কেবল রেকর্ডের নয়, ঘুরে দাঁড়ানোরও এক অনন্য গল্প!

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৮৪ ওভারে ৩২৭/৬ (মাহফিজুল ০, তানজিদ ৬৭, মুমিনুল ০, শান্ত ১২, হৃদয় ১৩৭, মুশফিক ০, লিটন ৯২*; রাবাদা ৫/৫১, ইয়ানসেন ১/৫৪)

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top