চাটগাঁ নিউজ ডেস্ক: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে নিয়মিত খেলাধুলার আয়োজন করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ নির্দেশনায় ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল ও ব্যাডমিন্টনসহ ১০ ধরনের খেলার কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য অন্যান্য খেলাধুলার আয়োজনেরও পরামর্শ দেওয়া হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) অধ্যাপক মো. শহিদুল ইসলামের সই করা এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের পাঠানো একটি আবেদন মাউশিতে পাঠানো হয়েছে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সারা বছর বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় যেসব খেলার কথা বলা হয়েছে, সেগুলো হলো ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, সাঁতার, টেবিল টেনিস ও কাবাডি। এর বাইরে শিক্ষার্থীদের আগ্রহ ও সুযোগ-সুবিধা বিবেচনায় অন্যান্য খেলাও আয়োজন করা যাবে।
মাউশির নির্দেশনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে তাদের নিজস্ব বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের সাথে সমন্বয় করে এসব প্রতিযোগিতা ও খেলাধুলার আয়োজন করতে হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনুরোধ জানিয়েছে অধিদপ্তর।
চাটগাঁ নিউজ/জেএইচ






