বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান

চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক। আগামী পাঁচ বছরে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার সম্ভাবনার কথা তুলে ধরে তিনি অন্তত ১ বিলিয়ন ডলারের বাংলাদেশি পণ্য আমদানিতে ভূমিকা রাখতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ বুধবার (১১ নভেম্বর) সকালে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে ভারসাম্য ইন্দোনেশিয়ার পক্ষে থাকলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে দেশটিতে আমদানি প্রায় ৬ শতাংশ বেড়েছে। বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পাশাপাশি নতুন নতুন খাতে সহযোগিতা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। বিশেষ করে হালাল খাদ্যশিল্প, জ্বালানি, ওষুধ, রাসায়নিক পণ্য ও শিল্পের কাঁচামাল খাতে যৌথ উদ্যোগ নেওয়া যেতে পারে।

বাংলাদেশের ওষুধের গুণগত মানের প্রশংসা করে রাষ্ট্রদূত ইন্দোনেশিয়ায় বাংলাদেশি ওষুধের বাজার সম্প্রসারণে সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে কার্যকর যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম প্রধান অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র। এ অঞ্চলের বন্দর, শিল্প ও ব্যবসায়িক সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশের বাণিজ্য আরও বাড়ানো সম্ভব।

এ লক্ষ্যে চট্টগ্রাম চেম্বার ও ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধি, ব্যবসায়ী প্রতিনিধিদলের পারস্পরিক সফর বিনিময়, সমুদ্রপথে যোগাযোগ ও লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন এবং সরাসরি বিমান যোগাযোগ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করা এবং বিনিয়োগ ও বাণিজ্যিক যোগাযোগ বাড়াতে ইন্দোনেশিয়ার দূতাবাস প্রয়োজনীয় সহায়তা দেবে বলেও আশ্বাস দেন।

চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, ইন্দোনেশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। বাংলাদেশ দেশটি থেকে উল্লেখযোগ্য পরিমাণ কয়লা, ক্লিংকার, পাম অয়েল, জ্বালানি ও বিভিন্ন শিল্পের কাঁচামাল আমদানি করে। বাংলাদেশের সিমেন্টশিল্পের বিকাশে ইন্দোনেশিয়ার ক্লিংকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রধান কাঁচামাল কয়লা সরবরাহের মাধ্যমে বাংলাদেশের জ্বালানি খাতেও দেশটি অবদান রাখছে।

তিনি বলেন, ইন্দোনেশিয়া বিশ্বব্যাপী হালাল শিল্প ও পণ্য সরবরাহে শীর্ষস্থানীয়। এ খাতে বাংলাদেশের সঙ্গে অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের পাশাপাশি বাংলাদেশে যৌথ বা একক ইন্দোনেশীয় বিনিয়োগের সুযোগ রয়েছে। বিশেষ করে হালাল খাদ্যশিল্প ও শিল্পের কাঁচামালসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে যৌথ উদ্যোগ নেওয়া গেলে আগামী পাঁচ বছরে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হতে পারে।

বর্তমানে দুই দেশের বাণিজ্যে বাংলাদেশের বড় ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ঘাটতি কমাতে বাংলাদেশ থেকে অন্তত ১ বিলিয়ন ডলারের পণ্য আমদানির বিষয়ে রাষ্ট্রদূত ভূমিকা রাখতে পারেন।

বাংলাদেশি ব্যাংকের ঋণপত্র (এলসি) সরাসরি ইন্দোনেশীয় কোম্পানিগুলো গ্রহণ না করায় ব্যবসায়ীদের তৃতীয় দেশের মাধ্যমে এলসি খুলতে হচ্ছে বলেও জানান চেম্বার সভাপতি। এতে ব্যবসায়ীদের অর্থ ও সময় দুটিই ব্যয় হচ্ছে। এ সমস্যা সমাধানে দুই দেশের সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। একই সঙ্গে ইন্দোনেশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা এবং ঢাকা-জাকার্তা সরাসরি বিমান ও নৌ-যোগাযোগ চালুর আহ্বান জানান।

সাবেক চেম্বার সভাপতি ও পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ ইন্দোনেশিয়া থেকে রেলওয়ে কোচ আমদানি করে। বাংলাদেশে রেলওয়ে ওয়ার্কশপ উন্নয়নের মাধ্যমে ইন্দোনেশিয়ার সহযোগিতায় রেল কোচ উৎপাদনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

সভায় অন্যান্য বক্তারা বলেন, ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের দিক থেকে ইন্দোনেশিয়া বাংলাদেশের অন্যতম বন্ধুপ্রতিম রাষ্ট্র। দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ থেকে ওষুধ, পাট ও পাটজাত পণ্য এবং মসলিন শাড়ি রপ্তানির সুযোগ রয়েছে। পাশাপাশি বাংলাদেশের সিমেন্ট, স্টিল ও বিদ্যুৎকেন্দ্রের কাঁচামালের ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পে ইন্দোনেশিয়ার একক ও যৌথ বিনিয়োগের আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বক্তব্য দেন ভিয়েতনামের অনারারি কনসাল এস এম আবু তৈয়ব, স্পেনের অনারারি কনসাল মিয়া এম আবদুর রহমান, কোরিয়ার অনারারি কনসাল মোহাম্মদ মহসিন, সাবেক চেম্বার পরিচালক ডা. মইনুল ইসলাম মাহমুদ, বর্তমান চেম্বার পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম সরওয়ার, শহীদুল আলম, সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত আলী চৌধুরী, সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া রহমান গাজী, উইমেন চেম্বারের পরিচালক নুজহাত নূরী কৃষ্টি এবং আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শহীদুল্লাহ চৌধুরী।

এ সময় ইন্দোনেশিয়া দূতাবাসের থার্ড সেক্রেটারি রব্বি ফিরলি হারখা (Mr. Robbi Firly Harkha) ও অর্থনৈতিক বিষয়ক কর্মকর্তা সাপতো রুদিয়ান্তো (Mr. Sapto Rudiyanto), চেম্বারের সহসভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, আবু হায়দার আমজাদ, সরোয়ার আলম খান, নুরুল ইসলাম, আসাদ ইফতেখার ও সেলিম নুর এবং ফিলিপাইনের অনারারি কনসাল মোহাম্মদ এ আউয়ালসহ বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top