ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে খেলার ছলে সেপটিক ট্যাংকে পড়ে মোহাম্মদ সাইম নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাদেকনগর গ্রামের ‘আত-তাকওয়া মাদ্রাসা’ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইম সাদেকনগর এলাকার বাসিন্দা আকতার হোসেনের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের মাওলানা শামসুদ্দিনের মালিকানাধীন একটি ভবনের সামনে অন্য শিশুদের সঙ্গে খেলছিল সাইম। একপর্যায়ে অসাবধানতাবশত সে ভবনের সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে স্বজন ও স্থানীয়রা তাকে ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য (সংরক্ষিত নারী ওয়ার্ড) নাজমা আক্তার জানান, সেপটিক ট্যাংকের মুখ খোলা থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/আনোয়ার/জেএইচ






