ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে অবৈধ পার্কিং, দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অবৈধভাবে ফুটপাত দখলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩টি মামলায় মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার বাস ষ্টেশন ও ডিসি রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা।
জানা গেছে, ঈদগাঁও কক্সবাজার সড়কে চলাচলকারী গণপরিবহন ঈদগাঁও লাইন অবৈধ পার্কিং করছে। এর ফলে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি করায় ড্রাইভার সেলিমকে ৫ হাজার, দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় রিদুয়ান পারভেজকে ১০ হাজার ও অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করায় জসিম উদ্দিনকে ৫ হাজার, ছোটন মিয়াকে ১০ হাজার ও প্রিতম পালকে ১০ হাজার সহ সর্বমোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ ব্যাপারে ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা বলেন, বাস ষ্টেশনে শৃঙ্খলা বজায় রাখা, ভোক্তা অধিকার নিশ্চিত করা এবং জনদুর্ভোগ কমাতে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/সেলিম/জেএইচ






