চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়া উপজেলায় সৌদিয়া পরিবহনের একটি বাসের ধাক্কায় মহিউদ্দিন খালেদ রনি নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আবু বক্কর নামে আরও এক আরোহী আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সেলিম মিয়া।
তিনি বলেন, মোটরসাইকেল আরোহী মহিউদ্দিন খুটাখালী স্টেশনে দাঁড়িয়ে ছিলেন। এসময় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের একটি বাস হার্ড ব্রেক করলে দুটি মোটরসাইকেলে ধাক্কা লাগে। এসময় মহিউদ্দিন ছাড়াও মোটরসাইকেল রাইডার আবু বক্কর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিন খালেদ রনিকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
তিনি আরও বলেন, ঘাতক যাত্রীবাহী সৌদিয়া বাস ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ সুরতহাল রির্পোট শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ






