আইআইইউসিতে শুরু হলো তিন দিনব্যাপী পঞ্চম আন্তর্জাতিক সম্মেলন

চাটগাঁ নিউজ ডেস্ক : বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিতে নতুন উদ্ভাবন এবং গবেষণার সম্ভাবনা তুলে ধরতে চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী পঞ্চম আন্তর্জাতিক সম্মেলন—আইসিআইএসইটি ২০২৬। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পাবলিকেশন যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।

রবিবার (৮ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী।

সম্মেলনে দেশি-বিদেশি শিক্ষাবিদ ও গবেষকদের পাশাপাশি উপস্থিত ছিলেন নেপালের কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুদান ঝা, ইউনিভার্সিটি অব সায়েন্স ইসলাম মালয়েশিয়ার সাইন্স ফেকাল্টির ডেপুটি ডিন অধ্যাপক ড. আজনি হাসলিজান বিনতে আব হালিম, আইইইই বাংলাদেশ সেকশনের সভাপতি অধ্যাপক ড. এম. ইমামুল হাসান ভূঁইয়া, সম্মেলনের টেকনিক্যাল চেয়ার অধ্যাপক ড. মো. সাইদুর রহমান।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাসমত আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ইঞ্জিনিয়ার মো. রাজু আহমেদ, সম্মেলনের টেকনিক্যাল সেক্রেটারি অধ্যাপক ড. সিকদার সানবিম ইসলাম এবং অর্গানাইজিং চেয়ার অধ্যাপক মোহাম্মদ শামসুল আলমসহ সংশ্লিষ্ট শিক্ষক ও গবেষকরা উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপী এই সম্মেলনে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন, গবেষণা এবং নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন দেশি-বিদেশি গবেষক ও বিশেষজ্ঞরা। আগামী ১০ নভেম্বর পর্যন্ত চলবে এ সম্মেলন।

উল্লেখ্য, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের আয়োজনে এটি পঞ্চম আন্তর্জাতিক সম্মেলন। যা বিশ্ববিদ্যালয়টির উদ্যোগে আয়োজিত ২০তম আন্তর্জাতিক সম্মেলন এটি।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top