বাঁশখালীতে সড়কে উল্টে গেল বাস

চাটগাঁ নিউজ ডেস্ক : বাঁশখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে গেছে একটি বাস। এতে কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া (এবিসি) সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার চাম্বল এলাকার মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাসচালক জোরে ব্রেক করেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের ওপর উল্টে যায়। বাসটি সড়কের ওপর পড়ে থাকায় দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।

দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের এক সদস্য জানান, সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে বাসচালক জোরে ব্রেক করেছিলেন। এতে বাসটি উল্টে যায়। পরে পুলিশ বাসটি জব্দ করে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top