চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারা হাইলধর ইউনিয়নের খাসখামা এলাকার আলীমিয়ার বাড়িতে আগুনে তিন বসতঘর পুড়ে গেছে।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এর আগেই আগুনে তিন পরিবারের ঘরবাড়ি ও মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের সদস্যরা হলেন- জামাল আহমদ (৫৫), নজরুল ইসলাম ওরফে সোনা মিয়া (৪৫) এবং আবুল মনসুর (৩২)। তারা সবাই ওই এলাকার বাসিন্দা।
ক্ষতিগ্রস্ত জামাল আহমদ জানান, রাত দুইটার দিকে হঠাৎ ঘরে আগুন দেখতে পান তারা। এ সময় পরিবারের সদস্যদের নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসেন। পরে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও জানান, আগুনে তার পরিবারের প্রায় চার লাখ টাকার মালামাল পুড়ে গেছে। অন্য দুটি পরিবারেরও প্রায় দুই লাখ টাকা করে ক্ষতি হয়েছে। সব মিলিয়ে তিন পরিবারের প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।
তবে আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক তিন লাখ টাকা বলে জানিয়েছেন।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রায় ১০ লাখ টাকার সম্পদ রক্ষা করা গেছে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
চাটগাঁ নিউজ/এসএ






