‘এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা এক মাসের মধ্যেই’

চাটগাঁ নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সালের অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সুখবর আসছে। এক ও দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। আগামী এক মাসের মধ্যে এসব পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণার সময় তিনি এ তথ্য জানান।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। তাদের মধ্যে এক ও দুই বিষয়ে ফেল করেছেন প্রায় ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী।

শিক্ষামন্ত্রী জানান, এক ও দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। এ লক্ষ্যে আগামী এক মাসের মধ্যে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে, এ বছর ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

ফলাফল প্রকাশের মধ্য দিয়ে দীর্ঘ আড়াই মাসের অপেক্ষার অবসান ঘটেছে শিক্ষার্থী ও অভিভাবকদের।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top