চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার বাগিচাহাট এলাকায় সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে কক্সবাজারগামী দূরপাল্লার বাসটি চন্দনাইশের খানদিঘী শিকারীপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের ওপর উল্টে যায়।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন এবং আহতদের উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পর সড়কের ওপর বাসটি পড়ে থাকায় উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা-পুলিশ ও স্থানীয় যুবকদের সহায়তায় ক্রেনের মাধ্যমে বাসটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের ওই অংশে পর্যাপ্ত আলো না থাকা এবং ভোররাতে দূরপাল্লার যানবাহনগুলোর বেপরোয়া গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠায় এবং বাসটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।বাসটি সরিয়ে নেওয়ার পর বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
চাটগাঁ নিউজ/ফয়সাল/জেএইচ






