বান্দরবানে পৃথক বজ্রপাতে শিশুসহ নিহত ২

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় বজ্রপাতের পৃথক দুটি ঘটনায় শিশু-স্কুলদপ্তরিসহ ২ জনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হেডম্যান পাড়ার মৃত খিয়াং চি মারমার ছেলে মং প্রু মারমা (৪০)। তিনি নাইক্ষ্যংমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন। অন্যজন হচ্ছে, একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড়ছনখোলা পূর্ব পাড়ার মোহাম্মদ সাদেকের ছেলে মোহাম্মদ সজিব (১১)। সজিব স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে পৃথক স্থানে এই হতাহতের ঘটনা ঘটে। নাইক্ষ্যংমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মং প্রু মারমা হেডম্যান পাড়ায় যাওয়ার পথে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধারের আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে, একই সময়ে ফাঁসিয়াখালী ইউনিয়নের বড়ছনখোলা এলাকায় বাড়ির বাইরে খেলাধুলা করার সময় বজ্রপাতে শিশু মোহাম্মদ সজিব আহত হয়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনায় আইনি প্রক্রিয়া ও তদন্ত শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/ইলিয়াছ/জেএইচ

Scroll to Top