মদ ব্যবসায়ীর স্ত্রীর ১০ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

চাটগাঁ নিউজ ডেস্ক : জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১০ কোটি ৩০ লাখ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে রমা বিশ্বাস (৪৫) নামে এক নারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১২ অক্টোবর) দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২-এ মামলাটি দায়ের করা হয়।

দুদকের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলাটি করেন।

দুদক চট্টগ্রামের উপপরিচালক রিয়াজ উদ্দিন বলেন, ২০০৮ সালের ১৩ নভেম্বর থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে এসব সম্পদ অর্জনের ঘটনা ঘটেছে।

প্রাথমিক অনুসন্ধানে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগের সত্যতা পাওয়ায় মামলার সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৭ অক্টোবর দুদকের প্রধান কার্যালয় থেকে মামলাটির অনুমোদন দেওয়া হয়। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁর বিষয়টিও তদন্তের আওতায় আনা হবে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রমা বিশ্বাস, নগরের ফিরিঙ্গীবাজার এলাকার শচীন্দ্রলাল ভবনের বাসিন্দা।

তাঁর স্বামী প্রয়াত অনুপ বিশ্বাস কোতোয়ালী এলাকার আলোচিত মদ ব্যবসায়ী ছিলেন। রমা বিশ্বাসের নামে ১১ কোটি ৮৯ লাখ ১০ হাজার ৮৬৪ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। বিপরীতে, পারিবারিক ও অন্যান্য ব্যয় বাদ দিয়ে সম্পদ অর্জনের বিপরীতে তাঁর বৈধ আয়ের পরিমাণ ১ কোটি ৫৮ লাখ ৯৬ হাজার ৮৫৮ টাকা। এ হিসাবে তাঁর নামে ১০ কোটি ৩০ লাখ ১৪ হাজার ৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে।

২০২২-২৩ করবর্ষ পর্যন্ত রমা বিশ্বাসের নামে থাকা স্থাবর সম্পদের মূল্য ১১ কোটি ১৬ লাখ ৪২ হাজার ৬৩৫ টাকা। এ ছাড়া অস্থাবর সম্পদের পরিমাণ ৭২ লাখ ৬৮ হাজার ২২৯ টাকা। সব মিলিয়ে তাঁর নামে ১১ কোটি ৮৯ লাখ ১০ হাজার ৮৬৪ টাকার সম্পদ পাওয়া গেছে। ব্যবসা, গৃহসম্পত্তি ও অন্যান্য উৎস থেকে ২০২২-২৩ করবর্ষ পর্যন্ত রমা বিশ্বাসের বৈধ আয় ছিল ২ কোটি ৫৫ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা। একই সময়ে পারিবারিক ও অন্যান্য ব্যয় ছিল ৯৬ লাখ ৪৬ হাজার ৬৬৮ টাকা। এসব ব্যয় বাদ দেওয়ার পর তাঁর বৈধ আয়ের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৫৮ লাখ ৯৬ হাজার ৮৫৮ টাকা। দুদকের হিসাবে, বৈধ আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর অবশিষ্ট অর্থের সঙ্গে তাঁর অর্জিত সম্পদের তুলনা করে ১০ কোটি ৩০ লাখ ১৪ হাজার ৬ টাকার অসংগতিপূর্ণ সম্পদ পাওয়া গেছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top