বান্দরবান প্রতিনিধি: চার দিন ধরে বন্ধ বান্দরবান-থানচি সড়কের গণপরিবহন। এতে চরম ভোগান্তিতে পড়েছে এই সড়কে যাতায়াতকারী চাকরিজীবী ও সাধারণ যাত্রীরা।
আজ রবিবার দুপুরে বান্দরবান-থানচি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় বান্দরবান-থানচি যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল নৌকায় সাঙ্গু নদীর পথ। তবে নদীতে পানি কমে যাওয়ায় এখন এই সড়কপথই একমাত্র ভরসা। পাহাড়ী সন্ত্রাসীদের বার্ষিক ৩ লাখ টাকা চাঁদা দাবি ও নিরাপত্তার স্বার্থে চার দিন ধরে বান্দরবান-থানচি সড়কে গণপরিবহন বা বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক-চালকপক্ষ। ফলে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয় জনগণ।
থানচি সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার আংবাচিং মারমা বলেন, গত বৃহস্পতিবার অফিস শেষ করে বাড়িতে এসেছিলাম। কিন্তু থানচি যেতে শনিবার দুপরে বান্দরবানের থানচি স্টেশনে এসে দেখি গণপরিবহনের বাসগুলো স্টেশন থেকে ছাড়ছে না। গাড়ি না ছাড়ায় ৩২০ টাকার ভাড়া ৫৫০ থেকে ৬০০ টাকায় যেতে হচ্ছে চাঁদের গাড়ি করে।
বিদ্যামণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অল ড্রিম বলেন, ডিগ্রি পরীক্ষায় অংশ নিতে বান্দরবান এসেছিলাম। পরীক্ষা শেষ করে বাড়ি ফিরতে থানচি স্টেশনে এসে দেখি বাসগুলো ছাড়ছে না। উপায় না দেখে অন্যদের সঙ্গে সাড়ে ৮ হাজার টাকায় চাঁদের গাড়ি (জিপ) ভাড়া করি। এতে সাধারণ ভাড়ার চেয়ে দ্বিগুণ ব্যয় হচ্ছে।
থানচি ছোট মদক এলাকার বাসিন্দা পূর্ণিমা ত্রিপুরা বলেন, চট্টগ্রামের একটি গার্মেন্টসে চাকরি করি। দেড় বছর পর বাড়ি যাচ্ছি তবে স্টেশনে এসে বাস না চলায় সকাল থেকে ২ ঘণ্টারও বেশি সময় ধরে স্টেশনে অপেক্ষা করে অন্যদের সঙ্গে চাঁদের গাড়ি ভাড়া করে বাড়ি যেতে যাচ্ছি। ফলে নির্ধারিত ভাড়ার দ্বিগুণ টাকা গুনতে হচ্ছে।
বাসচালক আব্দুল খালেক বলেন, বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল স্বাভাবিক রাখতে একটি সশস্ত্র সংগঠনের সদস্যরা ৩ লাখ টাকা বার্ষিক চাঁদা দাবি করেন। তিন মাস ধরে মালিকপক্ষের সঙ্গে এই আলোচনা চললেও সমাধানে আসেনি। পরিস্থিতি অবনতি হওয়ায় চার দিন ধরে এই সড়কে নিরাপত্তার স্বার্থে বাস চলাচল বন্ধ রাখা হয়।
বান্দরবান-থানচি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম বলেন, পাহাড়ী সন্ত্রাসী সংগঠনের সদস্যরা গাড়িচালকদের বান্দরবান-থানচি সড়কে গাড়ি চালাতে নিষেধ করেছেন।
অন্যথায় তাদের অপহরণ করার হুমকি দিয়েছে। তারা আলোচনায়ও বসছে না। ফলে এই সড়কে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে।
চাটগাঁ নিউজ/ইলিয়াছ/জেএইচ






