ঘুমধুম সীমান্তে পৃথক অভিযানে ২ লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ২

উখিয়া প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ লাখ পিস বার্মিজ ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১১ অক্টোবর) সকালে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (১০ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে ঘুমধুম বিওপির একটি আভিযানিক টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩২ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের এলাকায় অভিযান চালায়। এ সময় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করা হয়।

অন্যদিকে, রোববার ভোর আনুমানিক ৪টার দিকে বাইশফাঁড়ি বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৩৫ থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় আরও ১ লাখ ৯০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. ইসলাম (২৫) ও মো. মোজিবুল্লাহ (২৩)। তাঁরা দুজনই উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮-এর বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এ ছাড়া মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা ইয়াবার ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/জেএইচ

Scroll to Top