চাটগাঁ নিউজ ডেস্ক : কর্ণফুলী উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ ও অনুমোদনবিহীন নিম্নমানের আইসক্রিম তৈরির অভিযোগে একটি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে কর্ণফুলী থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) কর্ণফুলী উপজেলা শিকলবাহা চৌমুহনী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা।
অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা স্যানিটারি পরিদর্শক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা জানান, কারখানায় কোনো অনুমোদন ছাড়াই নিম্নমানের আইসক্রিম তৈরি করা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট আইনে কারখানাটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ আদায় করে কারখানাটি সিলগালা করা হয়। পরবর্তী ব্যবস্থার জন্য কর্ণফুলী থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ






